কখনো কখনো কি আপনার মনে হয়, দাবা না শিখলেই বোধহয় ভালো হতো? বিশেষ করে যখন রেটেড খেলায় টানা কয়েকটি ম্যাচ হারতে হয়! কিন্তু কেন এমনটা মনে হয়? কয়েকটি ম্যাচ হারা মানেই কি আপনি বোকা? কিংবা জিতলেই কি আপনি খুব বুদ্ধিমান? চলুন, বিষয়টি নিয়ে একটু আলোচনা করা যাক।
দাবা নিঃসন্দেহে একটি মানসিক খেলা, যেখানে প্রচুর ধৈর্য, মনোযোগ এবং সৃজনশীলতার প্রয়োজন হয়। তবে দাবায় আপনি কতটা ভালো খেলেন, তা কখনোই আপনার সামগ্রিক বুদ্ধিমত্তার স্তর নির্ধারণ করে না। একজন অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি যেমন দাবায় খুবই বাজে খেলতে পারেন, তেমনি তুলনামূলক কম তাত্ত্বিক জ্ঞানসম্পন্ন ব্যক্তিও অসাধারণ খেলতে পারেন। উদাহরণস্বরূপ, সাধারণ অবস্থায় একজন সুস্থ ব্যক্তি যেকোনো নেশাগ্রস্ত ব্যক্তির চেয়ে অধিক বুদ্ধিমান ও স্থির থাকেন; কিন্তু বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসন নেশাগ্রস্ত অবস্থায়ও বিশ্বের শীর্ষস্থানীয় খেলোয়াড়দের হারিয়েছেন।
এবার আসি হারলে কেন এত খারাপ লাগে সেই প্রসঙ্গে। সত্যি বলতে, আমাদের মন খারাপ হয় কেবল হারার জন্য নয়, আসল সমস্যা অন্য জায়গায়। খেয়াল করে দেখবেন, আপনি যখন নন-রেটেড গেম খেলেন, তখন হারলেও অতটা মন খারাপ হয় না। অথচ প্রতিপক্ষ একই, ঘুঁটি একই এবং সেই একই ৬৪ ঘর তাহলে রেটেড খেলায় হারলে আমরা এত রেগে যাই কেন?
এর উত্তর হলো Elo (রেটিং)। রেটেড ম্যাচ খেলার সময় আপনার অবচেতন মন এটিকে আর নিছক আনন্দময় খেলা হিসেবে গণ্য করে না; বরং এটিকে রেটিং বাড়ানোর একটি 'প্রজেক্ট' বা লক্ষ্য হিসেবে নিয়ে নেয়। ফলে যে খেলাটি আপনার আনন্দের উৎস ছিল, সেটিই আপনার মনের ওপর এক অদৃশ্য বোঝা হয়ে দাঁড়ায়।
এই মানসিক ফাঁদ থেকে বের হওয়ার উপায় কী?
পুরো বিষয়টিই আসলে মনস্তাত্ত্বিক। সবসময় মনে রাখবেন, দিনশেষে দাবা কেবল আপনার মন ভালো করার এবং মানসিক প্রশান্তি পাওয়ার একটি মাধ্যম। দাবায় পরাজয় কখনোই আপনার মেধা বা যোগ্যতা নির্ধারণ করে না।
বিরতি নিন: টানা ২ থেকে ৩টি রেটেড গেম হেরে গেলে আপাতত খেলা বন্ধ করুন। অন্তত রেটেড ম্যাচ একদমই খেলবেন না।
গেম রিভিউ করুন: খেলা বন্ধ করে ঘণ্টাখানেক পর শান্ত মাথায় এসে আগের গেমগুলো রিভিউ করুন এবং ভুলগুলো খুঁজুন।
প্রকৃতি ও বন্ধুদের সময় দিন: সবচেয়ে ভালো হয় কিছুক্ষণের জন্য বাইরে হাঁটতে বের হলে, অথবা খোলা আকাশের নিচে বন্ধুদের সাথে চা খেতে খেতে 'ওভার দ্য বোর্ড' (সরাসরি বোর্ডে) দাবা খেললে।
মনে করে দেখুন তো, যখন আপনি প্রথম দাবা খেলা দেখেছিলেন এবং খেলার আনন্দে মেতে উঠেছিলেন, তখন কি আপনি রেটিং সম্পর্কে কিছু জানতেন? তখন আমরা সবাই খেলতাম কেবল মানসিক শান্তি ও আনন্দের জন্য। একটুখানি রেটিং বাড়ানোর জন্য খেলার সেই নির্মল আনন্দ বিসর্জন দেওয়া কখনোই কাম্য নয়।
পৃথিবীর মাত্র ৮ শতাংশ মানুষ দাবা খেলতে জানেন। এর মধ্যে প্রায় ৭০ শতাংশ খেলোয়াড়ের রেটিং ৮০০-এর নিচে। আপনার রেটিং যদি ১৮০০-এর আশেপাশেও হয়, তবে আপনি বিশ্বের প্রায় ৯৮ শতাংশ দাবাড়ুর চেয়ে এগিয়ে আছেন।
একই রেটিংয়ে ৩-৪ মাস আটকে থাকা খুবই স্বাভাবিক একটি ব্যাপার। অনেক সময় আপনার সর্বোচ্চ রেটিং থেকে ২০০-২৫০ পয়েন্ট নিচেও নেমে যেতে পারেন। এতে হতাশ হওয়ার কিছু নেই। ভুল থেকে শিখুন, প্রয়োজনে কিছুদিন বিরতি নিন এবং আবার নতুন উদ্যমে শুরু করুন।
দুনিয়ার অন্যতম জনপ্রিয় দাবা কনটেন্ট ক্রিয়েটর গথাম চেস (GothamChess)-এর কথা ভাবুন, যার আসল নাম লেভি রোজম্যান। তিনি কতজন গ্র্যান্ডমাস্টারকে (GM) হারিয়েছেন? ৫০? ১০০? ২০০? না, ৫০০-এরও অধিক গ্র্যান্ডমাস্টারকে হারানো এই প্রতিভাবান খেলোয়াড় নিজে কিন্তু একজন ইন্টারন্যাশনাল মাস্টার (IM), গ্র্যান্ডমাস্টার নন।
তাঁর চেয়েও মজার বিষয় হলো, বিশ্বের শীর্ষ ৩ জন খেলোয়াড় ম্যাগনাস কার্লসন, হিকারু নাকামুরা এবং ফ্যাবিয়ানো কারুয়ানাকেও তিনি হারিয়েছেন। এত বড় মাপের খেলোয়াড় হওয়ার পরও তিনি এখনো 'আইএম' (IM) পর্যায়েই আছেন এবং বহু বছর ধরে গ্র্যান্ডমাস্টার হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আসলে সবাই কোনো না কোনো পয়েন্টে এসে আটকে যায়। প্লেটো (Plateau) বা স্থবিরতা ভাঙার চেষ্টা করুন, আর তা যদি নাও হয়, তবুও খেলার আনন্দটুকু উপভোগ করুন।
সোশ্যাল মিডিয়ার চমক ও তুলনার ফাঁদ
আমাদের হতাশার আরেকটি বড় কারণ হলো সোশ্যাল মিডিয়া। আমরা প্রতিদিন ইন্টারনেটে চমকপ্রদ সব খবর শুনি কেউ ১২ বছর বয়সে গ্র্যান্ডমাস্টার হচ্ছে, আবার ৪ বছর বয়সী বাচ্চাও রেটেড খেলোয়াড় হয়ে যাচ্ছে। এসব গল্প শুনে আমরা ভাবি, "আমি কেন পারছি না?"
একটু ভাবুন তো, বিষয়টি যদি এতই সহজ হতো, তবে পৃথিবীর ৮০০ কোটি মানুষের মধ্যে মাত্র ২,০০০ জন গ্র্যান্ডমাস্টার হতেন না। দাবা জগতে প্রতিটি জিনিয়াসকে অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু অন্যের সাথে নিজেকে তুলনা করে হতাশায় ভোগার চেয়ে শান্ত মনে নিজের খেলাটা উপভোগ করা অনেক বেশি জরুরি।
অনেক শীর্ষ খেলোয়াড়ের মতে, "রেটিং নিজেই একটি ফাঁদ"। গাণিতিকভাবে, একজন ১৮০০ রেটিংধারী খেলোয়াড় ৯০ শতাংশ সাধারণ খেলোয়াড়ের চেয়ে ভালো খেলেন ঠিকই, কিন্তু এই ১৮০০ রেটিংধারী খেলোয়াড়ই যদি কোনো গ্র্যান্ডমাস্টারের সাথে ১০০টি ম্যাচ খেলেন, তবে ৯৯টিতেই তিনি হারবেন। খুব ভাগ্য ভালো থাকলে হয়তো ১টি ম্যাচ ড্র হতে পারে। তাহলে এবার বলুন, সেই ১৮০০ রেটিং কি গ্র্যান্ডমাস্টারের সামনে কোনো কাজে লাগল?
কাজেই হতাশা বাদ দিন, রেটিংয়ের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন এবং খেলার আসল আনন্দ উপভোগ করুন।
Keep learning, keep playing.
Comments
0