♞
GM Bangladesh

কিংবদন্তি ববি ফিশারের দূরদর্শী ভবিষ্যদ্বাণী

iammarufvhai00
iammarufvhai00
Chess Journalist
Nov 07, 2026

ইতিহাসের সেরা ৫ জন দাবাড়ুর নাম নিতে গেলে অন্যতম শীর্ষেই থাকবেন ববি ফিশার। ইতিহাসের কনিষ্ঠতম ইউএস চ্যাম্পিয়ন হওয়া এবং দাবায় সোভিয়েত ইউনিয়নের দীর্ঘদিনের একচেটিয়া আধিপত্যকে একাই ভেঙে দেওয়ার কারণে তাকে সর্বকালের অন্যতম সেরা বলে গণ্য করা হয়। তবে ফিশার শুধু দাবার বোর্ডে নিখুঁত খেলোয়াড়ই ছিলেন না, ছিলেন এক দূরদর্শী চিন্তাবিদ। দাবা খেলার ভবিষ্যৎ সম্পর্কে তাঁর করা ভবিষ্যদ্বাণী আজও বিশ্বজুড়ে দাবাড়ুদের অভিভূত করে।

জীবনের শেষভাগে তিনি প্রচলিত দাবা খেলতেই অস্বীকৃতি জানান। তিনি সতর্ক করেছিলেন যে, শক্তিশালী কম্পিউটার অ্যানালাইসিস আর একগাদা মুখস্থ থিওরির কারণে খুব শীঘ্রই দাবা তার চিরন্তন সৃজনশীলতা (Creativity) হারিয়ে ফেলবে। দাবার প্রতিটা ম্যাচ চলবে এমন এক চেনা পথে, যা আগেই কম্পিউটারের কল্যাণে অন্য কেউ তৈরি করে রেখেছে। ফলে দাবাড়ুরা ক্রমাগত খেলার আগ্রহ হারাবে। ফিশারের এই আশঙ্কার এক অবিশ্বাস্য প্রতিফলন দেখা যায় ২০২২ সালে, যখন তৎকালীন বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন আর তাঁর টাইটেল ডিফেন্ড করতে রাজিই হননি। কার্লসেন স্পষ্ট জানান, প্রচলিত ফরম্যাটে খেলার জন্য তিনি আর কোনো মোটিভেশন পাচ্ছেন না। ফিশার আরও সতর্ক করেছিলেন যে, থিওরির আধিক্যের কারণে দাবার বেশিরভাগ ম্যাচই ড্র হবে। (যেমনটা ২০১৮ সালের ক্লাসিকাল বিশ্ব চ্যাম্পিয়নশিপে দেখা গিয়েছিল, যেখানে কার্লসেন ও কারুয়ানার মধ্যকার ১২টি ক্লাসিকাল ম্যাচের প্রতিটিই ড্র হয়েছিল)।

তবে ফিশার শুধু সতর্ক করেই ক্ষান্ত হননি, তিনি দাবাড়ুদের জন্য এক বৈপ্লবিক সমাধানও দিয়ে গিয়েছিলেন। তৎকালীন সময়ে আন্তর্জাতিক দাবা ফেডারেশন (ফিদে) এটিকে সেভাবে মূল্যায়ন না করলেও, বর্তমানে এটি ফিদের একটি অফিসিয়াল ও তুমুল জনপ্রিয় ফরম্যাট, যার নাম চেস ৯৬০ (Chess 960) বা ফ্রিষ্টাইল চেস।

ববি ফিশার চেয়েছিলেন যাতে প্লেয়াররা মুখস্থ থিওরি থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ নিজস্ব মেধা ও ক্রিয়েটিভিটি দিয়ে খেলতে পারেন। তাই তিনি এমন একটি ফরম্যাট প্রস্তাব করেন যেখানে প্রতি রাউন্ডে পিছনের সারির ঘুঁটিগুলো সম্পূর্ণ এলোমেলো ভাবে সাজানো হবে। তবে এর জন্য কেবল ২টি নিয়ম প্রযোজ্য ছিল:

১. বিশপ দুটিকে দুটি ভিন্ন রঙের ঘরে বসাতে হবে।

২. কিং বা রাজাকে অবশ্যই দুটি রুক বা নৌকার মাঝখানে থাকতে হবে।

ফিশার নিজের নামানুসারে এর নামকরণ করেছিলেন ‘ফিশারেন্ডম’ (Fischerandom)। গাণিতিকভাবে এভাবে পেছনের সারির ঘুঁটিগুলোর মোট ৯৬০টি আলাদা কম্বিনেশন বা বিন্যাস পাওয়া সম্ভব। এর ফলে প্লেয়ারদের প্রথম চাল থেকেই একদম নতুনভাবে এবং সৃজনশীল উপায়ে চিন্তা করতে হতো; মুখস্থ থিওরি খাটানোর কোনো সুযোগই থাকতো না। দুঃখজনকভাবে তৎকালীন সময়ে ফিদে তাঁর এই প্রস্তাব নাকচ করে দেয়। তবে ইতিহাসের চাকা ঘুরে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে (জার্মানিতে) প্রথম অফিসিয়াল 'ফ্রিষ্টাইল চেস জিওটি চ্যালেঞ্জ' আয়োজন করা হয়। নিজের ক্লাসিকাল খেতাব ধরে রাখতে অনীহা প্রকাশ করা ম্যাগনাস কার্লসেন চরম আগ্রহের সাথে এই টুর্নামেন্টে অংশ নেন এবং ফাইনালে ফাবিয়ানো কারুয়ানাকে পরাজিত করে প্রথম ফ্রিষ্টাইল চ্যাম্পিয়ন হন। কার্লসেনের ভাষ্যমতে, এই ফরম্যাটটি তাঁর কাছে দাবা খেলার এক নতুন ও রোমাঞ্চকর অভিজ্ঞতা এনে দিয়েছে।

ফিশারের দূরদর্শিতার আরেকটি বড় প্রমাণ মেলে ১৯৬২ সালের ক্যান্ডিডেট টুর্নামেন্টে। সেখানে ফিশার লক্ষ্য করেন যে, শীর্ষ ৩ জন সোভিয়েত প্লেয়ার নিজেদের মধ্যকার ম্যাচগুলো খুব দ্রুত (গড়ে মাত্র ১৯ চালের মধ্যে) ড্র করে নিচ্ছেন। তিনি সোভিয়েতদের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং বা 'চিটিং'-এর অভিযোগ তোলেন। তৎকালীন সময়ে তাঁর কথা কেউ বিশ্বাস না করলেও, বহু বছর পরে ভিক্টর কর্চনয় (যিনি নিজেও সেই টুর্নামেন্টে সোভিয়েতের হয়ে খেলেছিলেন) স্বীকার করেন যে, সোভিয়েত প্লেয়াররা সত্যিই একে অপরের বিরুদ্ধে আগে থেকেই ড্র করতে সম্মত হয়েছিলেন, যাতে তারা ফিশারকে রুখতে পারেন।

এর পরবর্তী সময়ে ফিশার যখন চ্যাম্পিয়নশিপের নিয়মের দিকে তাকান, তখন তিনি লক্ষ্য করেন যে প্রচলিত পদ্ধতিতে কোনো খেলোয়াড় একবার পয়েন্টে এগিয়ে গেলে, বাকি ম্যাচগুলো শুধু ড্র করেই চ্যাম্পিয়ন হয়ে যেতে পারেন। এতে খেলার সৌন্দর্য নষ্ট হয়। তাই তিনি প্রস্তাব করেন যিনি প্রথম ১০টি ম্যাচ জিতবেন (ড্র গণনা না করে), তাকেই যেন চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। ফিদে শেষ পর্যন্ত তাঁর এই ড্র বর্জনের কঠোর শর্তগুলো পুরোপুরি মেনে নেয়নি।

এরই জেরে ১৯৭৪ সালের জুনে ফিশার তাঁর বিশ্বচ্যাম্পিয়নের খেতাব ত্যাগ করেন। ফলে ১৯৭৫ সালে কোনো ম্যাচ না খেলেই আনাতোলি কারপভ নতুন বিশ্বচ্যাম্পিয়ন হন। যে খেলোয়াড় একাই পুরো সোভিয়েত সাম্রাজ্যকে নাড়িয়ে দিয়েছিলেন, তিনি দাবার নিয়মের বিতর্কে জড়িয়ে নিজের খেতাব ছেড়ে দেন এবং দাবা জগৎ থেকে দীর্ঘ ২০ বছরের জন্য হারিয়ে যান।

১৯৯২ সালে তিনি আবার ফিরে আসেন এবং তাঁর পুরনো প্রতিদ্বন্দ্বী বরিস স্পাস্কির বিরুদ্ধে একটি ঐতিহাসিক রি-ম্যাচ খেলেন। তবে এই ম্যাচের ভেন্যু ছিল যুগোস্লাভিয়া তৎকালীন সময়ে যা আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞার আওতাভুক্ত ছিল। মার্কিন সরকার ফিশারকে চিঠি দিয়ে সতর্ক করে যে সেখানে খেলা মানে আইন অমান্য করা, যার শাস্তি জেল ও জরিমানা। কিন্তু অবাধ্য ফিশার ক্যামেরার সামনে সেই চিঠির ওপর থুতু ফেলেন এবং ম্যাচটি খেলেন। এর পর তিনি আর কোনোদিন আমেরিকার মাটিতে পা রাখেননি।

এই রি-ম্যাচের আগে ফিশারের এক বন্ধু তাকে তাঁর ২০ বছরের অনুপস্থিতিতে খেলা হওয়া বিশ্বের শীর্ষস্থানীয় সব ম্যাচের একটি কম্পিউটার ডাটাবেস দেন। ফিশার স্ক্রিনের দিকে তাকিয়ে অবাক হয়ে যান যে, এই দুই দশকে কম্পিউটারের সহায়তায় কত অজস্র নতুন থিওরি তৈরি করা হয়েছে! তিনি আক্ষেপ করে বলেছিলেন, "সৃজনশীলতা এখন দাবার ৩ নম্বর প্রয়োজনীয়তা; প্রথম দুটি হলো প্রি-অ্যারেঞ্জমেন্ট (পূর্ব-প্রস্তুতি) এবং মেমোরাইজেশন (মুখস্থবিদ্যা)।" আর এই যান্ত্রিকতার সমাধান করতেই তিনি ফিশারেন্ডমের ওপর জোর দিয়েছিলেন।

তবে দাবার আধুনিকায়নে ফিশারের আরেকটি অনন্য অবদান রয়েছে যা আমরা আজও ব্যবহার করি তা হলো 'টাইম ইনক্রিমেন্ট' (Time Increment)। প্রতি চালে খেলোয়াড়রা যে অতিরিক্ত কয়েক সেকেন্ড বোনাস সময় পান, এর আবিষ্কারক ববি ফিশার। দাবার ইতিহাসে এটিই ছিল তাঁর একমাত্র দাবি, যা বিশ্ব দাবা ফেডারেশন কোনো বিতর্ক ছাড়াই বিশ্বজুড়ে লুফে নিয়েছিল এবং আজ পর্যন্ত সকল ডিজিটাল ঘড়িতে এটি 'ফিশার ক্লক' মোড হিসেবে ব্যবহৃত হয়।

দাবার ইতিহাসে ফিশারের সমকক্ষ বা তাঁর চেয়ে বেশি টুর্নামেন্ট জয়ী খেলোয়াড় হয়তো আরও আছেন, কিন্তু দাবা খেলার ভবিষ্যৎ এবং এর মনস্তাত্ত্বিক সংকট নিয়ে ববি ফিশারের মতো এমন নির্ভুল ও দূরদর্শী ভবিষ্যদ্বাণী আর কেউ করতে পারেননি। তিনি সত্যিই অনন্য।

0 Comments

Comments

0
No comments yet. Be the first!
Back to All Articles