বোর্ডের সবচেয়ে বড় প্রতিপক্ষ আসলে কে? নিজের ভয়, তাড়াহুড়ো আর অহংকার

A
aditta
Chess Journalist
Aug 14, 2026

চেস বোর্ডের দুই পাশে দুজন মানুষ বসে।

একজন সাদা ঘুঁটি সামলাচ্ছেন, অন্যজন কালো। খেলা শুরু হলো। প্রথম দিকে চালগুলো বেশ চেনা পথেই হাঁটে—ওপেনিং মাথার ভেতর ঘুরছে, ঘুঁটিগুলো সঠিক স্কয়ারে ডেভলপ হচ্ছে, কিংকে সুরক্ষায় নেওয়ার চেষ্টা চলছে।

সবকিছু ঠিকঠাকই এগোচ্ছিল। কিন্তু হঠাৎ এমন একটা পজিশন সামনে এসে দাঁড়ায়, যেখানে দাঁড়িয়ে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আপনি বোর্ডের দিকে তাকিয়ে মনে মনে ভাবলেন -

“এই চালটা দেওয়া কি ঠিক হবে?”

ঠিক ওই মুহূর্তেই আপনার মাথার ভেতরে চুপিচুপি শুরু হয়ে যায় আরেকটা অদৃশ্য লড়াই।

বোর্ডের ওপাশে যিনি বসে আছেন, তিনি তো আপনার স্পষ্ট প্রতিপক্ষ। কিন্তু আপনার ভেতরে তখন খেলা করছে আরেক দল - ভয়, তাড়াহুড়ো, অহংকার আর একরাশ অনিশ্চয়তা। সত্যি বলতে, অনেক সময় বোর্ডের সামনের মানুষের চেয়ে মাথার ভেতরের এই প্রতিপক্ষটাই বেশি ক্ষতিকারক হয়ে দাঁড়ায়।

আমরা কি সত্যিই সবসময় সামনের মানুষটার কাছে হারি?

একটা ম্যাচ হেরে যাওয়ার পর আমরা সাধারণত কীভাবে বিষয়টাকে দেখি?

  • “আজ ও সত্যিই দারুণ খেলেছে!”
  • “আরে, ওপেনিংটাতেই যা ভুল হলো...”
  • অথবা সোজাসুজি ইঞ্জিন খুলে দেখি eval bar দেখাচ্ছে −5.7। ব্যাস, মাথায় হাত!

কিন্তু সব পরাজয় কিন্তু প্রতিপক্ষের জাদুকরী খেলার জন্য আসে না। মাঝে মাঝে আমরা এমন কিছু চাল দিয়ে বসি, যা খেলার পরমুহূর্তেই নিজের কাছেই অদ্ভুত লাগে।

কেন এমন হয়? কারণ তখন আমরা বোর্ডের পজিশন বুঝে খেলছিলাম না, খেলছিলাম নিজের মনের অস্থিরতার সাথে।

১. ভয়: “ও যদি এটা করে ফেলে?”

দাবায় ভয়ের প্রভাবটা খুব অদ্ভুত।

ধরুন, বোর্ডে আপনার দারুণ একটা প্ল্যান আছে। সুন্দর পজিশন। কিন্তু হুট করে মাথার ভেতর খটকা লাগলো “আচ্ছা, ও যদি আমার কুইনে অ্যাটাক করে বসে?”

ব্যস, নিজের সাজানো প্ল্যানটা আপনি ওখানেই ফেলে দিলেন। তারপর ভাবলেন, “যদি কিংয়ের ওপর চাপ সৃষ্টি করে?” বাধ্য হয়ে একটা ডিফেন্সিভ চাল দিলেন। তারপর আবার ভয় “যদি ও কোনো ঘুঁটি স্যাক্রিফাইস করে?” আরও একটা ঘুঁটি পেছনে টেনে নিলেন।

কিছুক্ষণ পর খেয়াল করে দেখলেন, আপনার পজিশনটা একদম নিষ্প্রাণ হয়ে গেছে। অথচ প্রতিপক্ষ হয়তো তেমন কোনো ঘাতক চালের কথাই ভাবেনি! আপনি নিজেই তাকে আক্রমণ করার পুরো পথ তৈরি করে দিলেন।

বাস্তবতা হলো: প্রতিপক্ষের সম্ভাব্য চালকে ভয় পাওয়া আর সত্যি সত্যি কোনো থ্রেট থাকা দুটো কিন্তু এক জিনিস নয়। মনের ভেতরের সব “যদি”র সত্যতা থাকে না।

২. তাড়াহুড়ো: “আরে! এই চালটাই তো বেস্ট!”

হয়তো দীর্ঘ ১০ মিনিট ধরে একটা পজিশন নিয়ে ভাবলেন। হঠাৎ একটা দুর্দান্ত চাল চোখে পড়ল।

“পেয়ে গেছি! এটাই আসল চাল!” উত্তেজনায় এক সেকেন্ডের মাথায় ঘুঁটি হাত থেকে নেমে গেল।

আর ঠিক পরের চালেই ওপাশ থেকে আসলো: ...Bxh2+

আপনি স্তব্ধ হয়ে বোর্ডের দিকে তাকিয়ে রইলেন। মনে মনে নিজের ওপরই রাগ হলো “আহা! বিষপটা তো ওখানেই বসে ছিল, কেন যে দেখলাম না!”

তাড়াহুড়োর সবচেয়ে বড় ফাঁদ এটাই। আমরা যে সবসময় পজিশন বুঝি না তা নয়। ভুলটা হয় কারণ পজিশনটা বোঝার পরও ঘুঁটিতে হাত দেওয়ার আগে শেষবার অন্তত আরেকবার চোখ বুলিয়ে নিইনি।

একটা ছোট রুটিন যা অনেক ব্লান্ডার বাঁচাতে পারে:

ঘুঁটি ছেড়ার ঠিক আগে মাত্র ৫ সেকেন্ড থামুন এবং তিনটি জিনিস চেক করুন: Checks → Captures → Threats

  • আমার এই চালের পর প্রতিপক্ষের কোনো Check দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে?
  • কোনো ঘুঁটি Capture বা মারার সুবিধা পাচ্ছে?
  • কোনো বড় Threat বা হুমকি তৈরি হচ্ছে কি?

এই কয়েক সেকেন্ডের সচেতনতা একটা আস্ত গেম বাঁচিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।

৩. Ego বা অহংকার: “ওর রেটিং তো আমার চেয়ে কম!”

অহংকার হলো দাবা খেলার সবচেয়ে নিশব্দ শত্রু।

ধরুন, আপনার রেটিং ১৬০০। আর আপনার প্রতিপক্ষের রেটিং ১৪৫০। খেলা শুরু হওয়ার আগেই মনের কোনো এক কোণে ছোট্ট একটা চিন্তা উঁকি দেয়—“এই ম্যাচ তো অনায়াসেই জেতা উচিত।”

এই ভাবনাটাই সবচেয়ে ঝুঁকিপূর্ণ। কারণ এর পর থেকে আপনি পজিশন দেখে খেলছেন না, খেলছেন প্রতিপক্ষের রেটিং দেখে।

প্রতিপক্ষ হয়তো একটু আগ্রাসী চাল দিল। আপনি ভাবলেন, “এত বড় সাহস!” সে হয়তো একটা পন স্যাক্রিফাইস করল। আপনি মনে মনে বললেন, “কী ভাবছে নিজেকে?”

তার চালকে মন দিয়ে না বুঝে, নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতেই আপনার পুরো মনোযোগ চলে গেল। আর তার ফল? কয়েক চাল পরেই হঠাৎ স্পিকটি নট Checkmate!

চেস বোর্ড কিন্তু বড্ড নিরপেক্ষ। এখানে আপনার রেটিং, টাইটেল কিংবা কত বছরের অভিজ্ঞতা কোনোটারই গুরুত্ব নেই। বোর্ড শুধু একটাই প্রশ্ন তোলে: এই পজিশনে এখন সবচেয়ে সঠিক সিদ্ধান্তটা কী?

৪. জেতার আবেগ: যখন মনে হয় “ম্যাচ তো শেষ!”

খেলার সবচেয়ে বিপজ্জনক সময় কোনটা জানেন? যখন আপনি নিশ্চিত ধরে নেন “আমি জিতে গেছি!”

ধরুন, আপনি বোর্ডে একটা পুরো পিস বা ঘুঁটি বেশি নিয়ে এগিয়ে আছেন। আপনার মনে হলো কাজ শেষ, এখন শুধু আনুষ্ঠানিকতা। আপনি হিসাব-নিকাশ বন্ধ করে দিয়ে দ্রুত চাল দিতে শুরু করলেন।

হঠাৎ প্রতিপক্ষের একটা অসাবধানী চালের বিপরীতে একটা চেক, তারপর আরও একটা চেক। দেখতে দেখতে আপনার কিংয়ের চারপাশে প্রতিপক্ষের ঘুঁটিগুলো ঘিরে ধরল। আপনি হতবাক হয়ে ভাবলেন “একটু আগেও তো আমি সম্পূর্ণ উইনিং পজিশনে ছিলাম!”

হ্যাঁ, ছিলেন। কিন্তু মনে রাখবেন: Winning position আর Won game এক বিষয় নয়। প্রতিপক্ষ যত পেছনেই থাকুক, বোর্ডের প্রতি সম্মান হারিয়ে ফেললে সেই জয় হাতছাড়া হতে বেশি সময় লাগে না।

আমরা ভালো পজিশনেই বেশি ভুল করি কেন?

খারাপ পজিশনে আমরা খুব সতর্ক থাকি। আমাদের মস্তিস্ক তখন সারভাইভাল মোডে থাকে “কীভাবে বাঁচা যায়?”, “ডিফেন্স কোথায় আছে?”

কিন্তু ভালো পজিশনে মন একটু বেশিই রিল্যাক্স হয়ে পড়ে। আমরা ধরে নিই যে বড় কোনো বিপদ আর হতেই পারে না। এখানেই আসল ভুলটা হয়।

দাবায় প্রতিটা চাল দেওয়ার আগে পজিশনটাকে একদম নতুন চোখ দিয়ে দেখতে হয়। বোর্ডে +3 পয়েন্টে এগিয়ে থাকুন বা −3 পয়েন্টে পিছিয়ে নিয়ম সবার জন্য সমান। অসাবধান হলেই কিং চেকমেট হতে পারে, কুইন ঝুলে যেতে পারে বা প্রতিপক্ষ দারুণ কোনো ট্যাকটিক্যাল শট বের করে নিতে পারে।

নিজের ভেতরের প্রতিপক্ষকে কীভাবে সামলাবেন?

এর জন্য আপনার গ্র্যান্ডমাস্টার হওয়ার প্রয়োজন নেই। শুধু খেলার অভ্যাসে কিছু ছোট ছোট পরিবর্তন আনুন:

১. চাল দেওয়ার আগে অন্তত ৫ সেকেন্ড থামুন: বিশেষ করে যখন কোনো চাল খুব সহজ আর চোখধাঁধানো মনে হবে। নিজেকে প্রশ্ন করুন: “দাঁড়াও, ও শেষ চালটা দিয়ে আসলে কী করতে চাইছে?”

২. ভয়কে যুক্তি দিয়ে পরখ করুন: প্রতিপক্ষের আক্রমণ দেখে তড়িঘড়ি ডিফেন্সিভ হবেন না। আগে নিশ্চিত হন সত্যিই কি কোনো থ্রেট আছে? না থাকলে নিজের পরিকল্পনাতেই অটল থাকুন।

৩. বোর্ডে বসে রেটিং ভুলে যান: রেটিং কম বলেই কেউ ভুল চাল দেবে না, আবার রেটিং বেশি বলেই কেউ ভুলের ঊর্ধ্বে নয়। মানুষ নয়, পজিশনকে গুরুত্ব দিন।

৪. জেতার পজিশনে আরও বেশি শান্ত থাকুন: এগিয়ে আছেন? তাহলে তাড়াহুড়ো না করে আরও হিসেব কষে খেলুন। নিজেকে মনে করিয়ে দিন “যতক্ষণ না কিং চেকমেট হচ্ছে, ম্যাচ শেষ হয়নি।”

শেষ কথা

দাবার আসল সৌন্দর্যটাই এখানে। বোর্ডের ওপাশে একজন মানুষ বসে থাকলেও আসল যুদ্ধটা চলে আপনার নিজের মনের ভেতরে।

আপনি জানেন কোনটা ভালো চাল, কিন্তু ভয় আপনাকে অন্য চাল দিতে বাধ্য করে। আপনি জানেন একটু ক্যালকুলেশন করা দরকার, কিন্তু তাড়াহুড়ো আপনাকে আগেই ঘুঁটি ধরে ফেলে। আপনি জানেন পজিশন বুঝে খেলা উচিত, কিন্তু অহংকার আপনাকে নিজের মতামত চাপিয়ে দিতে বাধ্য করে।

ম্যাচ শেষে প্রতিপক্ষের সাথে হাত মিলিয়ে যখন কম্পিউটারে অ্যানালিসিস করেন, তখন স্পষ্ট দেখতে পান আপনি বাইরের প্রতিপক্ষের কাছে হারেননি। আপনি হেরেছেন নিজেরই একটা সাময়িক দুর্বলতার কাছে।

বোর্ডে বাইরের শত্রুকে জানান দেওয়ার আগে, নিজের ভেতরের সেই অস্থির প্রতিপক্ষকে সামলানোই আসল খেলা।

0 Comments

Comments

0
No comments yet. Be the first!
Back to All Articles