♞
GM Bangladesh

১৬ নাকি ১৮

iammarufvhai00
iammarufvhai00
Chess Journalist
Nov 07, 2026

দাবা আসলে কত ঘুঁটির খেলা? উত্তরটা খুবই সোজা মনে হয় ১৬টা, কিন্তু আসলেই কি তাই? ভালো করে খেয়াল করলে দেখা যায়, অনেক সময় আমরা খেলায় এগিয়ে থাকি, অনেক সময় ম্যাটেরিয়ালেও এগিয়ে থাকি; তারপরও হেরে যাই একটা অদৃশ্য ঘুঁটির কাছে, আর সেই ঘুঁটির নাম 'সময়'। হ্যাঁ, সময় হলো দাবার ১৭তম ঘুঁটি।

এখন, ওই ঘুঁটির নিয়ন্ত্রণ তো আমাদের হাতে নেই, তবে একে কীভাবে কাবু করা যায়? তার জন্য বেশ কয়েকটি জিনিস প্র্যাকটিস করা যেতে পারে। যেমন

১। ওপেনিং থিওরি ডিপ অ্যানালাইসিস: ওপেনিংয়ের সেটআপ কমপ্লিট করার জন্য যত কম সময় ব্যয় করা যায় ততই ভালো। এজন্য ওপেনিং থিওরি সম্পর্কে বিশদ জ্ঞান থাকলে সময়ে এগিয়ে থাকা যায়। আরেকটা সুবিধা পাওয়া যায়, তা হলো অপোনেন্টকে নার্ভাস করার সুবিধা। তবে হ্যাঁ, সময়ে লিড নেওয়ার জন্য মিসটেক বা ব্লান্ডার করা কাম্য নয়।

২। পাজল সলভিং: নিয়মিত পাজল সলভ করলে খেলায় ট্যাকটিকস সহজে ধরা যায় এবং অ্যানালাইসিস করতে সময় কম লাগে, তাতেও ঘড়িতে এগিয়ে থাকা যায়। টপ লেভেলের প্লেয়াররা ব্লিটজ গেমে অপোনেন্টের সময় নষ্ট করতেও স্যাক্রিফাইস করেন, তবে তা খুবই রেয়ার। মনে রাখতে হবে, সময় এবং ব্লান্ডার হওয়া কুইন কারো জন্য অপেক্ষা করে না। সময়ের কারণে জিএম (GM)-রাও রুক-কিং বনাম কিং গেমে হারেন।

এই তো গেল ১৭নং ঘুঁটির আত্মকথা। ১৭নং যদি ঘড়ি হয়, তবে ১৮নং কি বোর্ড? না, বোর্ড নয়। ১৮নং ঘুঁটি একটা জীবন্ত ঘুঁটি, যার হৃৎপিণ্ড আছে, শ্বাস নেয় এবং খেলার সময় ঘুঁটিটা থাকে বোর্ডের ওপাশে যার নাম 'অপোনেন্ট'। বিষয়টা হাস্যকর নয়; এই যুক্তিতে আপনি নিজেও একটা ঘুঁটি অপোনেন্টের ঘুঁটি।

ব্যাপারটা খুলে বলি। সেইম পজিশন, কিন্তু একজন ৬০০ Elo প্লেয়ারের সাথে আপনি একরকম চাল দেন, আবার ১৫০০ Elo-র সাথে দেন অন্যরকম। একজনের সাথে আপনি স্কলারস মেট করার চেষ্টা করবেন, আরেকজনের সাথে তা চিন্তাও করেন না। এটাই ১৮নং ঘুঁটির কারিশমা। তবে এর সবচেয়ে বড় প্রভাব পড়ে যখন আপনি শক্তিশালী অপোনেন্টের সাথে খেলেন। লেভি রোজম্যান (গথাম চেস) একবার সরাসরি ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ম্যাগনাস কার্লসনের সাথে খেলছিলেন। তবে টুইস্ট হলো, ম্যাগনাসের চোখে বিশেষ ধরনের চশমা ছিল যা তাকে ভুগিয়ে মাতালের মতো করে দিচ্ছিল। তখন লেভি বলেছিলেন, “হতে পারে তুমি (ম্যাগনাস) এমন চাল দিচ্ছ যেটা ভালো না, কিন্তু যেহেতু তুমি দিচ্ছ, সেহেতু আমার কাছে ভালো মনে হচ্ছে।”

আপনার সাথেও এমন হয়। যখন কোনো সিনিয়র প্লেয়ারের সাথে খেলি, তখন সাধারণ চালেও আমরা আতঙ্কিত হয়ে যাই। আবার দুর্বল প্লেয়ারের গ্রেট মুভ বা ভালো চালও এড়িয়ে যাই। তবে এই ১৮নং ঘুঁটিকে কাবু করার একটা সহজ উপায় আছে সেটা হলো এই ঘুঁটিকে ভুলে যাওয়া। হ্যাঁ, সামনে কে আছে ভুলে যান! তাহলে খেলবেন কার সাথে? পজিশনের সাথে। বোর্ড অ্যানালাইসিস করুন, বোর্ডের বিপক্ষে খেলুন, সবার সাথে একই রকম মাথা খাটান। নাহয় কমজোর প্লেয়ারের সাথে ফ্লেক্স নিতে নিতে আর বুদ্ধিমান প্লেয়ারের সাথে হারতে হারতে পরপারে চলে যাবেন।

তো এখন বলেন তো, দাবায় ঘুঁটি আসলে কয়টা ষোলোটা নাকি আঠারোটা?

Keep playing, keep learning.

0 Comments

Comments

0
No comments yet. Be the first!
Back to All Articles